দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছেন, বাংলাদেশে চলমান অভ্যন্তরীণ অস্থিরতা এবং পোশাক শ্রমিকদের বিক্ষোভের পরিস্থিতি অত্যন্ত ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছে ভারত। একইসঙ্গে তিনি প্রতিবেশীর সঙ্গে একটি ইতিবাচক, গঠনমূলক ও ভবিষ্যৎমুখী দ্বিপক্ষীয় সম্পর্ক বজায় রাখার ভারতের দৃঢ় প্রতিশ্রুতির কথাও পুনর্ব্যক্ত করেছেন।
মঙ্গলবার (৩ নভেম্বর) নিয়মিত প্রেস ব্রিফিংয়ের সময় এসব কথা তুলে ধরেন তিনি।
এ সময় বাংলাদেশের প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খানের একটি অভিযোগের বিষয়েও প্রশ্ন করা হয় জয়সওয়ালকে।
বলা হয় সম্প্রতি রাশেদ খান দাবি করেছেন যে, ভারতীয় গোয়েন্দা সংস্থাগুলো জামায়াতে ইসলামীর সঙ্গে মিলে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এই অভিযোগের বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি। তিনি প্রশ্নকারীকে বলেন, ‘আপনি যে বিষয়টি জানতে চাচ্ছেন সে বিষয়ে আমার কোনো মন্তব্য নেই।’
এছাড়া, ঢাকার একটি সমাবেশে ন্যাশনাল সিটিজেন পার্টির (এনসিপি) নেতাদের ভারতবিরোধী মন্তব্য এবং বাংলাদেশের পোশাক শ্রমিকদের চলমান আন্দোলন দ্বিপক্ষীয় বাণিজ্যে কোনো প্রভাব ফেলবে কিনা -এমন প্রশ্নও করা হয় জয়সওয়ালকে। জবাবে তিনি বলেন, ‘দেশটির সমস্ত ঘটনাবলি ও পরিস্থিতি ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছে নয়াদিল্লি।’
এদিকে আগামী ১২ ডিসেম্বর ৩০ বছর মেয়াদি গঙ্গা পানি বণ্টন চুক্তির মেয়াদ শেষ হতে চলেছে। এ বিষয়ে ভারত-বাংলাদেশ যৌথ নদী কমিশনের কোনো বৈঠক বা নতুন কোনো আপডেট আছে কি না জানতে চাইলে মুখপাত্র জানান, এই মুহূর্তে এ বিষয়ে নতুন কোনো তথ্য শেয়ার করার মতো নেই।
একইসঙ্গে মুখপাত্র নয়াদিল্লি ও ঢাকার মধ্যে আসন্ন উচ্চ পর্যায়ের কূটনৈতিক বৈঠকের অবস্থা নিয়েও কথা বলেন এবং বাংলাদেশের নেতৃত্বের প্রতি একটি স্থায়ী আমন্ত্রণের বিষয়টি তুলে ধরেন। তিনি বলেন, ‘আমরা ইতিমধ্যেই বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ভারত সফরের আমন্ত্রণ জানিয়েছি এবং এ বিষয়ে কোনো নতুন তথ্য পেলে আপনাদের জানাবো।’
কে